আজ দেশজুড়ে

ভোলায় দুর্গাপূজার নিরাপত্তায় কোস্টগার্ড, টহল কার্যক্রম জোরদার, প্রস্তুত ডুবুরি দল

প্রকাশিত: শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | ৭:১৯ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদকঃ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা নিশ্চিত করতে ভোলাসহ উপকূলীয় এলাকায় টহল কার্যক্রম জোরদার করেছে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন। পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।
শনিবার মহাসপ্তমীর সকালে ভোলা শহরের ওয়েস্টার্ন পাড়ার মিহির লাল সাহা পূজামণ্ডপ থেকে আনুষ্ঠানিকভাবে এ টহল কার্যক্রম শুরু হয়। এ উপলক্ষে কোস্ট গার্ডের পক্ষ থেকে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
ব্রিফিংয়ে কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার (অপারেশন) লেফটেন্যান্ট কমান্ডার জামিলুর রহমান জানান, দক্ষিণ জোনের আওতাধীন ছয় জেলার ১৮টি উপজেলার উপকূলীয় অঞ্চলে ৩৭১টি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তায় কাজ করছে কোস্ট গার্ড। পূজা চলাকালে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।
তিনি আরও জানান, হিন্দু ধর্মাবলম্বীরা যেন শান্তিপূর্ণ ও নিরাপদে দুর্গোৎসব উদ্‌যাপন করতে পারেন, সে লক্ষ্যে টহল ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এ ছাড়া প্রতিমা বিসর্জনের সময় সম্ভাব্য দুর্ঘটনা মোকাবিলায় কোস্ট গার্ডের বিশেষ ডুবুরি দল প্রস্তুত থাকবে।