অপরাধ, আজ দেশজুড়ে

ভোলার বোরহানউদ্দিনে দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ৬

প্রকাশিত: শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ | ১২:১৫ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদকঃ ভোলার বোরহানউদ্দিনে দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে মোঃ আলী (৬০) নামে এক সিএনজি চালক নিহত হয়েছে। এ ঘটনায় আরো ৬ জন আহত হয়েছেন ।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার কাচিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দালাল বাজার এলাকায় এঘটনা ঘটে। আহতদের কয়েকজনকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অন্যদের বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহত মোঃ আলী ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মৃত রেজাউল মুন্সির ছেলে।
নিহত ব্যক্তির ভাতিজা খোকন জানায়, মোঃ আলী যাত্রী নিয়ে চরফ্যাশন থেকে ভোলায় আসার পথে ঘটনাস্থলে পৌছলে অপর দিক থেকে আসা একটি সিএনজির সাথে মুখামুখী সংঘর্ষে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বোরহানউদ্দিন থানার এস.আই মেহেদী হাসান জানান, দুপুর সাড়ে ১২ টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে এবং স্থানীয়দের সহযোগিতায় আহতদের হাসপাতালে প্রেরণ করা হয়।
বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশ্রাব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।  পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন।