
চরফ্যাশন প্রতিনিধি : ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণে সংবাদ প্রকাশের জের ধরে এক সাংবাদিককে অকথ্য ভাষায় গালিগালাজসহ হত্যা করে লাশ গুম করার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে শশীভূষণ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন ভুক্তভোগী সাংবাদিক।
জিডি সূত্রে জানা যায়, দৈনিক জবাবদিহি পত্রিকার শশীভূষণ প্রতিনিধি আঃ রহিম (৪১) স্থানীয় হাজারীগঞ্জ ২নং ওয়ার্ডের বাসিন্দা। গত ১০ অক্টোবর ২০২৬ তারিখ সকাল আনুমানিক ১১:০০ ঘটিকায় তিনি নিজ বসতবাড়িতে অবস্থানকালে প্রতিপক্ষ আইয়ুব আলী (৩৫) তার ব্যবহৃত একটি মোবাইল নম্বর থেকে ফোন দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। ভুক্তভোগী সাংবাদিক এর প্রতিবাদ করলে তাকে মেরে লাশ গুম করে ফেলার প্রকাশ্যে হুমকি দেওয়া হয়।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, অভিযুক্ত আইয়ুব আলী ও তার দুই ভাই—মো: আরিফ (২২) এবং মো: কবির (৩৭) সংঘবদ্ধ হয়ে দীর্ঘদিন ধরে এলাকায় নানা অপকর্ম চালিয়ে আসছিলেন। স্থানীয় পত্রিকায় তাদের অপকর্ম ও বিরুদ্ধে সংবাদ প্রকাশের পর থেকেই অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে সাংবাদিক আঃ রহিমকে হোয়াটসঅ্যাপ, বার্তা ও ফোনকলে প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল।
এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক আঃ রহিম শশীভূষণ থানায় তিনজনকে অভিযুক্ত করে একটি সাধারণ ডায়েরি (জিডি নং: ৪৩৬, তারিখ: ১৩/১০/২০২৬) দায়ের করেন।
অভিযোগের ব্যাপারে হাজারীগন্জ ইউনিয়ন (৭,৮,৯) সদ্য নিয়োগ প্রাপ্ত সারকারি সার ডিলার আইয়ুব আলী জানান, আমার বিরুদ্ধে অসত্য তথ্য দিয়ে নিউজ করায়, আমি তাকে রাগের মাথায় ফোন দিয়ে মাথায় গালিগালাজ করি, আমি তাকে কোন হত্যা, মারার কথা বলিনি।
জিডি গ্রহণের বিষয়টি নিশ্চিত করে শশীভূষণ থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) ফিরোজ আহমেদ জানান, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাব-ইন্সপেক্টর (এসআই) খলিলুর রহমানকে নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা। তারা অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।




