
মোঃ আইয়ুব আলী, লালপুর (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের লালপুরে কৃত্রিম সংকট তৈরি করে অবৈধভাবে সার মজুদের দায়ে চার ব্যবসায়ীকে ৪৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের আবেদ মোড় এলাকায় উপজেলা কৃষি অফিসের সার্বিক সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন লালপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।
প্রশাসন সূত্রে জানা যায়, অতিমুনাফার আশায় কিছু অসাধু ব্যবসায়ী সারের কৃত্রিম সংকট তৈরি করে অবৈধ মজুদ গড়ে তুলছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে আবেদ মোড় এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। আইন অমান্য ও অবৈধ মজুদের অপরাধে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’ এবং ‘সার ব্যবস্থাপনা আইন, ২০০৬’ অনুযায়ী অভিযুক্ত চার ব্যবসায়ীকে সর্বমোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, কৃষকদের জিম্মি করে কৃত্রিম সংকট তৈরি ও ভোগান্তিতে ফেলার যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে। সারের বাজার স্থিতিশীল রাখতে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে লালপুর উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং লালপুর থানা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।