আজ দেশজুড়ে, তথ্যপ্রযুক্তি

মা ইলিশ রক্ষায় ভোলায় কোস্টগার্ডের মাইকিং ও লিফলেট বিতরণ

প্রকাশিত: রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ | ৮:৪১ পূর্বাহ্ণ
নাজমুন নাহারঃ মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে ভোলায় জেলেদের সচেতন করতে মাইকিং ও লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা।
রবিবার (১৮ অক্টোবর) সকালে ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের মেঘনা নদীর তীরবর্তী ভোলার খাল এলাকায় এ কার্যক্রম পরিচালনা করা হয়। পরে সাংবাদিকদের নিয়ে প্রেস ব্রিফিং করে কোস্টগার্ড।
প্রেস ব্রিফিংয়ে কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার (অপারেশন) লে. কমান্ডার জামিলুর রহমান জানান, মা ইলিশ সংরক্ষণ-২০২৬ সফলভাবে বাস্তবায়ন ও সরকারি নিষেধাজ্ঞা কার্যকর করতে নদী ও সমুদ্র উপকূলে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি সার্বক্ষণিক টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও জানান, জেলেদের সচেতন করতে মাইকিং, লিফলেট বিতরণ ও আলোচনা সভার মাধ্যমে আইন মেনে চলার আহ্বান জানানো হচ্ছে। একই সঙ্গে জেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে অভিযান চালানো হচ্ছে। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া অব্যাহত রয়েছে।
এছাড়া চলমান অভিযানে এ পর্যন্ত দক্ষিণাঞ্চলের ছয়টি জেলার নদীগুলোতে অভিযান চালিয়ে ১৫০ কোটি ৪৯ লাখ টাকার জাল জব্দ করেছে। একই সাথে পর্যাপ্ত ইলিশ মাছ সহ আটক করেছে ২২ জেলে।
এর বাহিরেও মাদক অস্ত্রসহ সমাজের বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে বরাবরই তাদের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান কোস্টগার্ড।