
মোঃ আইয়ুব আলী, লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌরসভায় রেলগেট চৌরাস্তা মোড়ে নবনির্মিত পুলিশ বক্স থাকলেও সেখান থেকে কোনো ধরনের সেবা পাচ্ছেন না বলে অভিযোগ তুলেছেন স্থানীয়রা। গুরুত্বপূর্ণ এ মোড়ে পুলিশ বক্স নির্মাণ করা হলেও নিয়মিত পুলিশি কার্যক্রম না থাকায় এর কার্যকারিতা ও সুফল নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।
স্থানীয় বাসিন্দা জাহাঙ্গির,দোকানদার আবুল হোসেন,সিএনজি চালক আকরাম,ভ্যান চালক সোহাগ সাথে কথা বলে জানা যায়, গোপালপুর রেলগেট চৌরাস্তা এলাকাটি পৌরসভার একটি অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ পয়েন্ট।গাড়ি পারাপারের জন্য রেলগেট রয়েছে। প্রতিদিন হাজার হাজার মানুষ ও বিপুলসংখ্যক যানবাহন এই সড়ক দিয়ে চলাচল করে। যানজট নিরসন, সড়কে সার্বিক শৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এই পুলিশ বক্সটি অত্যন্ত প্রয়োজনীয় ছিল।
তবে সেখানে নিয়মিত পুলিশ সদস্যদের উপস্থিতি দেখা যায় না। ফলে কোটি টাকার জনস্বার্থ রক্ষা না হয়ে বক্সটি অলস দাঁড়িয়ে রয়েছে।এলাকাবাসীর দাবি, অবিলম্বে পুলিশ বক্সটি পূর্ণাঙ্গভাবে চালু করে নিয়মিত পুলিশ সদস্য মোতায়েন করা হোক। এতে সড়কে যানজট কমবে এবং এলাকায় চুরি-ছিনতাইসহ সার্বিক আইনশৃঙ্খলার উন্নতি ঘটবে।এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য তারা সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন।




