
মোঃ আইয়ুব আলী লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে আপন দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ঈশ্বরপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।নিহত শিশুরা হলো— ঈশ্বরপাড়া গ্রামের আতিকুল ইসলামের ছেলে আতিয়ার (৯) ও আবু বক্কর (৬)।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার দুপুরে বাড়ির পাশে একটি পুকুরপাড়ে খেলতে যায় আতিয়ার ও আবু বক্কর। খেলার একপর্যায়ে কোনো একসময় তারা পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়। বেশ কিছুক্ষণ তাদের দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানি থেকে তাদের নিথর দেহ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। পরে স্বজনরা তাদের দ্রুত উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।
একই পরিবারের দুই শিশুর এই আকস্মিক ও হৃদয়বিদারক মৃত্যুতে পরিবারে চলছে মাতম। ঘটনাটিকে কেন্দ্র করে পুরো ঈশ্বরপাড়া গ্রামজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।




