অপরাধ, আজ দেশজুড়ে

ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনিতে অভিযুক্ত যুবক নিহত

প্রকাশিত: রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ | ৭:২৩ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ ভোলার রাজাপুরে গণপিটুনিতে আসিফ (২৫) নামে এক যুবক নিহত হয়েছে। শনিবার রাত ১১টার দিকে সদর উপজেলা রাজাপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, একই দিনে সন্ধ্যা ছয়টার দিকে ইউনিয়নের আনন্দবাজার এলাকায় ওই ওয়ার্ডের বিএনপির সভাপতি হোসেন ম্যানেজারকে (৫০) কুপিয়ে গুরুতর জখম করে আসিফ। ঘটনার পর পরই ওই যুবক এলাকা ছেড়ে পালিয়ে যায়। পরবর্তীতে রাত এগারোটার সময় উত্তেজিত জনতা তাকে কাছে পেয়ে গণপিটুনি দেয়।

খবর পেয়ে ইলিশা পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয় মুমূর্ষ অবস্থায় আসিফকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে যায়। এরপর সেখানে চিকিৎসারত অবস্থায় ভোর রাতের দিকে সে মারা যায়।

​নিহত আসিফ রাজাপুর এলাকার মো. দলু মিয়া ও হালিমা বেগম দম্পতির ছেলে।

​এদিকে কুপিয়ে জখম হওয়া বিএনপি নেতা হোসেন ম্যানেজার বর্তমানে ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক বশির আহমেদ জানান, “খবর পেয়ে পুলিশ অভিযুক্তকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছিল। ভোরে হাসপাতালে তার মৃত্যু হয়। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।”
এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

এ ঘটনায় ভোলার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এখনো তার পরিবারের পক্ষ থেকে কোন ধরনের অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলো জানান তিনি।