অপরাধ, আজ দেশজুড়ে

লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে গ্রেপ্তার ৩

প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ | ১০:১৯ পূর্বাহ্ণ

মোঃ আইয়ুব আলী,​ লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে অনলাইন জুয়ার অ্যাপস ব্যবহার করে জুয়া খেলা ও বেটিং পরিচালনার অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।​

বুধবার (১ অক্টোবর) গভীর রাতে লালপুর থানাধীন মহারাজপুর মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।​

গ্রেপ্তারকৃতরা হলেন— মহারাজপুর মধ্যপাড়া গ্রামের মোঃ ফরজ আলী মন্ডলের ছেলে মোঃ আরিফুল ইসলাম (৩৩), একই গ্রামের মোঃ মোস্তাক আলীর ছেলে মোঃ রাকিবুল ইসলাম (২৩) এবং নবীনগর (প্রথম পাড়া) গ্রামের মোঃ মারিফুল ইসলামের ছেলে মোঃ ইমন ইসলাম (২২)।​

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লালপুর থানার এসআই (নিঃ) মোঃ মনিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল রাত সাড়ে ৩টার দিকে মহারাজপুর মধ্যপাড়া এলাকায় আরিফুল ইসলামের টিনসেট ঘরে অভিযান পরিচালনা করে। এ সময় অনলাইন অ্যাপসের মাধ্যমে বেটিং ও জুয়া পরিচালনা করা অবস্থায় তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয় এবং তাদের কাছে থাকা ৩টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন আলামত হিসেবে জব্দ করা হয়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে লালপুর থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে ২০২৬ সালের জুয়া প্রতিরোধ আইনের ১৭, ১৯ ও ২৭ ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করার আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।​