
মোঃ আইয়ুব আলী, লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলার কদিমচিলান ইউনিয়নের চাঁদপুর বাজারে স্টক রেজিস্ট্রারের সাথে প্রকৃত সার/বীজের মজুদে অসঙ্গতি থাকায় বিএডিসি ডিলার প্রতিষ্ঠান ‘সাইফুল ট্রেডার্স’-কে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।আজ রোববার ২৭ সেপ্টেম্বর চাঁদপুর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, চাঁদপুর বাজারের বিএডিসি ডিলার ‘সাইফুল ট্রেডার্স’-এ সার ও পণ্যের মজুদ পরিস্থিতি পর্যবেক্ষণকালে দোকানের স্টক রেজিস্ট্রারের তথ্যের সাথে সরেজমিনে রক্ষিত মজুদের স্পষ্ট গরমিল পাওয়া যায়। পরবর্তীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা কৃষি অফিসার। এ সময় সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির সদস্যবৃন্দ।
এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, কৃষকদের সঠিক সেবা ও ন্যায্য মূল্যে কৃষি উপকরণ প্রাপ্তি নিশ্চিত করার পাশাপাশি জনস্বার্থ রক্ষায় উপজেলা প্রশাসনের এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।




