অপরাধ, আইন-আদালত, আজ দেশজুড়ে

লালপুর উপজেলা ভূমি অফিসে চুরি, দুইটি পিসি ও ডিভিআর মেশিনের যন্ত্রাংশ খুলে নিয়ে গেছে

প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ | ১:০৬ অপরাহ্ণ

মোঃ আইয়ুব আলী লালপুর (নাটোর) সংবাদদাতাঃ নাটোরের লালপুর উপজেলা ভূমি অফিসে ৯ মাস পর আবারো জানালা ভেঙ্গে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা সহকারী কমিশনার (ভূমি) এর কক্ষের অলইনঅল পিসি’র হার্ডডিস্কসহ যন্ত্রাংশ এবং নাজির কাম হিসাব রক্ষকের কক্ষের কম্পিউটারের হার্ডডিস্কসহ অন্যাান্য যন্ত্রাংশ এবং সিসি টিভি ক্যামেরার ডিভিআর মেশিনের সকল যন্ত্রাংশ খুলে নিয়ে গেছে। এ সময় লকারের তালা ভেঙ্গে কাগজপত্র তছনছ করেছে। শুক্রবার (২৫.০৯.২০২৬) সকাল ৯ টা থেকে ১১টার মধ্য এঘটনা ঘটেছে বলে জানাগেছে।

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) আবীর হোসেন জানান, জানালা ভেঙ্গে চোরেরা অফিস কক্ষে প্রবেশ করে তার কক্ষের অলইনঅল পিসি’র হার্ডডিস্কসহ যন্ত্রাংশ ও নাজির কাম হিসাব রক্ষকের কক্ষের পিসি’র হার্ডডিস্কসহ অন্যাান্য যন্ত্রাংশ চুরি করে নিয়ে যায়। এ সময় লকারের তালা ভেঙ্গে কাগজপত্র তছনছ করে। এছাড়া ডিভিআর মেশিনের যন্ত্রাংশ খুলে নিয়ে গেছে।

তিনি জানান, এর আগে গত বছর (৫ ডিসেম্বর, ২০২৫) দুপুর সাড়ে বারোটার দিকে নাজির কাম হিসাব রক্ষকের রুমের ২টি কম্পিউটারের হার্ডডিস্কসহ অন্যাান্য যন্ত্রাংশ চুরির ঘটনা ঘটে। সে সময়ে চুরির ঘটনার কিছু সিসি টিভি ক্যামারার ফুটেজ পুলিশের কাছে রয়েছে। লালপুর থানার ওসি শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনা স্থল পরিদর্শন করেছি। তদন্ত করে শিঘ্রই অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।