
মোঃ আইয়ুব আলী, লালপুর (নাটোর)প্রতিনিধি: নাটোর জেলার লালপুর উপজেলার ধুপইল বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সামান্য বৃষ্টিতেই তৈরি হচ্ছে তীব্র জলাবদ্ধতা। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় রাস্তার দুই পাশে পানি ও কাদা জমে একাকার হয়ে যাচ্ছে। ফলে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বিদ্যালয়ে যাতায়াতকারী শত শত শিক্ষার্থী ও পথচারীদের।জমিতে
সরজমিনে গিয়ে দেখা যায়, বৃষ্টি নামলেই বিদ্যালয়ের মূল প্রবেশদ্বারের সামনে নোংরা পানি জমে থাকে। নোংরা কাদা-পানি মাড়িয়েই শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে প্রবেশ করতে হয়। এতে প্রায়শই শিক্ষার্থীদের পরনের পোশাক ও বই-খাতা নষ্ট হয়ে যাচ্ছে। দুর্ঘটনার শিকার হয়ে অনেক শিক্ষার্থী হাত-পা ছিলে যাওয়ার মতো ঘটনারও সম্মুখীন হচ্ছে।
বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে জানায়, “প্রতিদিনই আমাদের এই কাদা-পানি পার হয়ে স্কুলে যেতে হয়। সামান্য বৃষ্টি হলেই স্কুলের সামনে পানি জমে থাকে। এতে আমাদের চলাচলে যেমন কষ্ট হয়, তেমনি জামাকাপড় নোংরা হয়ে ক্লাসে বসতে অসুবিধা হয়।”
স্থানীয় সচেতন মহল ও অভিভাবকদের মতে, ধুপইল বাজারের মতো একটি ব্যস্ততম এলাকায় বিদ্যালয়ের প্রধান ফটকে এ ধরনের জলাবদ্ধতা দীর্ঘদিন ধরে চলে আসলেও পানি নিষ্কাশনে কোনো স্থায়ী পদক্ষেপ নেওয়া হয়নি। দ্রুত ড্রেন নির্মাণ বা রাস্তা উঁচু করার দাবি জানান তারা।
এ বিষয়ে স্থানীয় সুধী সমাজ ও এলাকাবাসী নাটোর জেলা প্রশাসন, লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত সরেজমিনে এলাকা পরিদর্শন এবং জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের জোড় দাবি জানিয়েছেন।




