অপরাধ, আজ দেশজুড়ে

গ্রেফতার এড়াতে বাড়িজুড়ে সিসি ক্যামেরা, তবুও গভীর রাতে ধরা পড়লো হ্যাকার সর্দার ওহিদ

প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ | ১২:৩১ অপরাহ্ণ

লালপুর (নাটোর) প্রতিনিধি: গ্রেফতার এড়াতে মেন রোড থেকে নিজ বাড়ি পর্যন্ত অসংখ্য সিসিটিভি ক্যামেরা বসিয়েও শেষ রক্ষা হলো না নাটোরের লালপুর উপজেলার বিল মারিয়া ও দুড়দুড়িয়া এলাকার চিহ্নিত হ্যাকার সর্দার ওহিদুল মোল্লা ওরফে ওহিদের। লালপুর থানা পুলিশের এক স্পেশাল অভিযানে সহযোগীসহ গ্রেফতার হয়েছে সে।

​সোমবার গভীর রাতে পরিচালিত এই অভিযানে হ্যাকার চক্রের মূলহোতা ওহিদ ও তার সহযোগীকে আটক করে পুলিশ। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ মোবাইল সিম, অবৈধ মাদক ইয়াবা, অ্যান্ড্রয়েড স্মার্টফোন এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল।

​পুলিশ সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে এবং নিজেদের আস্তানা নিরাপদ রাখতে প্রধান সড়ক থেকে বাড়ি পর্যন্ত চারপাশ সিসি ক্যামেরা দিয়ে ঘিরে রেখেছিল ওহিদ। তবে শেষ পর্যন্ত লালপুর থানা পুলিশের চৌকস টিমের গভীর রাতের অভিযানে ধরা পড়ে এই চক্র।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে লালপুর থানা পুলিশ জানায়, আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণসহ মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।