অপরাধ, আইন-আদালত

স্টক রেজিস্টারে গরমিল, লালপুরে বিসিআইসি ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা​

প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ | ৯:২৫ পূর্বাহ্ণ

মোঃ আইয়ুব আলী, লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলায় বিসিআইসি সার ডিলারের স্টক রেজিস্টারে গরমিল পাওয়ায় মেসার্স মোল্লা ভ্যারাইটি স্টোর নামে একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।​

সোমবার (২১ সেপ্টেম্বর) উপজেলার গোপালপুর পৌরসভার কালুপাড়া এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, লালপুর-এর নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।​

প্রশাসন সূত্রে জানা যায়, অভিযান পরিচালনাকালে কালুপাড়ার বিসিআইসি ডিলার প্রতিষ্ঠান ‘মেসার্স মোল্লা ভ্যারাইটি স্টোর’-এর মূল চালানের সাথে স্টক রেজিস্টারের তথ্যে ব্যাপক অসামঞ্জস্য পাওয়া যায়। পরে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে অনিয়মের সত্যতা প্রমাণিত হওয়ায় ওই প্রতিষ্ঠানকে ২০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

​উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসারের সার্বিক সহায়তায় এই অভিযান পরিচালিত হয়।​ অভিযান শেষে ডিলারদের সরকারি নিয়ম মেনে সার কেনাবেচা করার নির্দেশনা দেওয়া হয়।

এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান, সার বাজারের শৃঙ্খলা রক্ষা ও কৃষকদের স্বার্থ সংরক্ষণে উপজেলায় এ ধরনের তদারকি ও মোবাইল কোর্ট অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।