তথ্যপ্রযুক্তি, পড়ালেখা, শিক্ষা

ভোলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘হলদে পাখি’ সম্প্রসারণে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ | ১১:০২ পূর্বাহ্ণ

নাজমুন নাহারঃ ভোলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশনের ‘হলদে পাখি’ কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টম্বর) সকালে ভোলা প্রেস ক্লাব সভা কক্ষে ২০২৫-২৬ অর্থবছরে জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে এ কার্যক্রম আরও বিস্তৃত করার উদ্দেশ্যে বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশন, ভোলা জেলা শাখার উদ্যোগে সভাটি আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন, ভোলা জেলা পরিষদের প্রশাসক ও ভোলা জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর। জেলা কমিশনার আফরোজা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা রোভার স্কাউট কমিশনার মাজহারুল ইসলাম ও ভোলা প্রেসক্লাবের সহসভাপতি মো. সোলাইমান। আরও বক্তব্য দেন ভোলা জেলা গার্ল গাইডসের সম্পাদক শরমিন জাহান শ্যামলী এবং জেলা শাখার কোষাধ্যক্ষ হামিদা বেগম।

সভায় বক্তারা বলেন, প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের শারীরিক, মানসিক ও নৈতিক বিকাশে ‘হলদে পাখি’ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। শিশুদের শৃঙ্খলা, নেতৃত্ব, দায়িত্ববোধ ও সামাজিক মূল্যবোধ বিকাশে এ ধরনের কার্যক্রমকে আরও বিস্তৃত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

আগামী দিনে ভোলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘হলদে পাখি’ কার্যক্রম চালুর বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।

সভায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, গার্ল গাইডসের নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।