
নিজস্ব প্রতিবেদকঃ ভোলায় সন্দেহজনক সিএনজি থামাতেই মিলল ৪০ কেজি গাঁজা। এমন এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলের দিকে সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বাগার হাওলা বাজার সংলগ্ন এলাকায়। কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে এই এলাকায় অভিযান পরিচালনা করে। এরপর সন্দেহজনক অবস্থায় একটি সিএনজিতে তল্লাশি করে বস্তা ভর্তি কয়েকটি প্যাকেটে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সাথে গাজা বহনকারী দুই মাদক কারবারিকেও আটক করা হয়।
আটককৃতরা হলেন—নোয়াখালী জেলার মাইজদী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নূর ইসলামের ছেলে নূরনবী (৩১) এবং আবদুল কুদ্দুসের ছেলে মোঃ রাসেল (১৯)।
কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, মাদকের একটি বড় চালান সিএনজি অটোরিকশাযোগে পরিবহন করা হচ্ছে—এমন গোপন খবরের ভিত্তিতে এলাকায় একটি বিশেষ তল্লাশি চৌকি বসানো হয়। সন্দেহভাজন একটি সিএনজি থামিয়ে তল্লাশি চালালে ভেতর থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৬ লাখ টাকা।
আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, উপকূলীয় এলাকা ও তৎসংলগ্ন অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে, আইনশৃঙ্খলা রক্ষা এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ড নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
তিনি আরও জানান, আটককৃত মাদক কারবারি এবং উদ্ধারকৃত আলামতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকের ভয়াবহ বিস্তার রোধে ভবিষ্যতেও এ ধরনের জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে।