
লালপুর (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের লালপুরে গ্রামীনফোন টাওয়ারের চোরাইকৃত তামার তার উদ্ধারসহ চোর চক্রের এক সদস্যকে আটক করেছে লালপুর থানা পুলিশ। এ ঘটনায় থানায় একটি নিয়মিত মামলা দায়েরের পর আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে লালপুর থানার এসআই (নিঃ) মোঃ গৌতম কুমার সাহা সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় গত ১১ সেপ্টেম্বর (শুক্রবার) সকাল ৮:০০ ঘটিকার সময় এক অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে লালপুর থানাধীন আঙ্গারীপাড়া মৌজাস্থ জনৈক মাহাবুব আলমের লিজকৃত জমিতে অবস্থিত গ্রামীনফোন টাওয়ার থেকে তামার তার চুরির সময় হাতেনাতে মোঃ রবিন হোসেন (২২) নামের এক যুবককে আটক করা হয়। আটককৃত রবিন আঙ্গারীপাড়া গ্রামের মোঃ মজনু আলীর ছেলে।
অভিযানকালে পুলিশ টাওয়ার থেকে চুরি হওয়া তামার তার উদ্ধার করতে সক্ষম হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লালপুর থানা পুলিশ জানায়, এ বিষয়ে ধৃত আসামির বিরুদ্ধে পেনাল কোডের ৩৭৯/৪১১ ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আজ (১২ সেপ্টেম্বর) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।