
লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে অভিযান চালিয়ে একটি চুরি হওয়া ভ্যান ও চুরির কাজে ব্যবহৃত মোটরসাইকেলসহ ভ্যান চোর চক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে লালপুর থানা পুলিশ।
রবিবার (৬ সেপ্টেম্বর) বিকেল ৪:০০ ঘটিকার সময় লালপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ মনিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার চামটিয়া গ্রামস্থ মোঃ ইকরাম হোসেনের (৫০) বসতবাড়ির সামনে অভিযান চালিয়ে তাদের আটক করেন।
গ্রেফতারকৃতরা হলেন— লালপুর উপজেলার ওয়ালিয়া গ্রামের মোঃ মামীম হোসেনের ছেলে মোঃ সোহান প্রামানিক (২২), মোঃ আক্কাস আলীর ছেলে মোঃ মাসুম হোসেন (২৫) এবং মোঃ জালাল মন্ডলের ছেলে মোঃ আলিফ মন্ডল (২২)।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামীদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ০১টি চুরি হওয়া ভ্যান গাড়ি উদ্ধার করা হয় এবং চুরির কাজে ব্যবহৃত ০১টি মোটরসাইকেল জব্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লালপুর থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পেনাল কোডের ৩৭৯/৪১১ ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আজ সোমবার (৭ সেপ্টেম্বর) আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।