
মোঃআইয়ুব আলী, লালপুর (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের লালপুরে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত পথচারী গোলাম মোস্তফা ওরফে হোনা মিয়া (৫০) চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে মারা গেছেন। ২৮ আগস্ট হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহত গোলাম মোস্তফা লালপুর উপজেলার লালপুর উত্তরপাড়া গ্রামের মৃত খোদাবক্সের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৭ আগস্ট লালপুর ডিগ্রি কলেজের মোড়ে এ দুর্ঘটনা ঘটে। লালপুর থেকে জয়পুরহাটগামী ইটবোঝাই একটি ট্রাক (চট্টগ্রাম মেট্রো-ট ১২-০৮১৯) পথচারী গোলাম মোস্তফাকে পেছন দিক থেকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান।
স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে তার মৃত্যু হয়।এ ব্যাপারে থানায় কোন মামলা হয়নি।