
মোঃআইয়ুব আলী লালপুর (নাটোর) প্রতিনিধিঃ নাটোরে লালপুর উপজেলার চংধুপইল ইউনিয়নে সার বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে এক বিসিআইসি স্যার ডিলারের বিরুদ্ধে। এই ঘটনায় ওই ডিলার প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২৫ আগস্ট) চংধুপইল ইউনিয়নে পরিচালিত এক অভিযানে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এই জরিমানা করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, চংধুপইল ইউনিয়নে সার বিতরণে অনিয়মের অভিযোগ পেয়ে সহকারী কমিশনার (ভূমি) অভিযান পরিচালনা করেন। অভিযানকালে বিসিআইসি সার ডিলার প্রতিষ্ঠান ‘মেসার্স আকাশ এন্টারপ্রাইজ’-এ সার বিতরণে অনিয়মের সত্যতা মেলে।
পরবর্তীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ওই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।অভিযানে লালপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এবং আব্দুলপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, কৃষকদের মাঝে সার বিতরণে যেকোনো প্রকার কারসাজি, কৃত্রিম সংকট তৈরি বা অনিয়মের বিরুদ্ধে লালপুর উপজেলা প্রশাসনের এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।