
মোঃ আইয়ুব আলী, লালপুর প্রতিনিধিঃ নাটোরের লালপুরে দ্রুতগামী স্যালোচালিত ট্রলির ধাক্কায় শাহজাহান (৩৫) নামের এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। সোমবার (২৪ আগস্ট) দুপুরে লালপুর-বাঘা আঞ্চলিক মহাসড়কের আট্টিকা আমড়াতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত শাহজাহান রাজশাহীর বাঘা উপজেলার গৌরাঙ্গাপুর গ্রামের বাসিন্দা।
ঘটনার পরপরই স্যালোচালিত ট্রলির চালক সবুজ আলীকে (২৪) আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। আটক সবুজ আলী একই উপজেলার চন্ডিপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে বৃষ্টির সময় লালপুরগামী একটি যাত্রীবাহী ইজিবাইক আট্টিকা আমড়াতলা এলাকায় সড়কের পাশে থামিয়ে চালক শাহজাহান বৃষ্টির পর্দা নামাচ্ছিলেন। এ সময় পেছন থেকে আসা একটি দ্রুতগতির স্যালোচালিত গাড়ি ইজিবাইকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে চালক শাহজাহান ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা ঘাতক স্যালোচালিত গাড়ির চালক সবুজ আলীকে আটক করে লালপুর থানা পুলিশে সোপর্দ করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং গাড়িচালক সবুজ আলী পুলিশ হেফাজতে রয়েছেন। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।