চরফ্যাশন প্রতিনিধিঃ ভোলার চরফ্যাশনে ধানক্ষেতে মিলল আলাউদ্দিন রাড়ি (৫০) নামে এক ডাব ব্যবসায়ীর মরদেহ।
বুধবার (১৯ আগস্ট) সকালে মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।
এর আগে মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার শশীভূষণ থানার এওয়াজপুর ইউনিয়নের একটি ধানক্ষেত থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করেন।
আলাউদ্দিন ওই ইউনিয়নের উত্তর চর মঙ্গল গ্রামের মৃত আব্দুল করিম রাড়ীর ছেলে। তিনি পেশায় একজন ডাব ব্যবসায়ী ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে স্থানীয় বাজারে যান আলাউদ্দিন। পরে রাতে বাড়ি ফিরতে দেরি হওয়ায় স্বজনরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের একটি ধানক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।
পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করা হয়। সুরতাহাল প্রতিবেদন অনুয়ায়ী লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়ায় যায়নি। এঘটনায় পুলিশের পক্ষ থেকে তদন্ত চলছে। এছাড়াও লাশের ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
আলাউদ্দিনের পরিবারের দাবি, জায়গা-জমি নিয়ে প্রতিপক্ষের সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে মামলা চলছে। স্বজনদের অভিযোগ, এই বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন কৌশলে আলাউদ্দিনকে হত্যা করেছেন। তারা ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন করে জড়িতদের শনাক্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
শশীভূষণ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. দেলোয়ার হোসেন বলেন, ঠিক কি কারণে আলাউদ্দিনের মৃত্যু হয়েছে, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় পুলিশের তদন্ত চলছে। এছাড়াও লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।