স্পিকার হাফিজ উদ্দিন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় তার নির্বাচনী এলাকায় আনন্দ মিছিল
প্রকাশিত:
শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
৭
বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় সংসদের স্পিকার মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় তার নির্বাচনী এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যার সাড়ে ৭টার দিকে ভোলার লালমোহন ও তজুমদ্দিনে দলীয় নেতাকর্মীরা আনন্দ মিছিল করেন।
উপজেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ের সামনে থেকে আনন্দ মিছিল বের হয়। মিছিলটি উপজেলা ও পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তা মোড়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে লালমোহন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল বলেন, লালমোহনের গর্বিত সন্তান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ দেশের সর্বোচ্চ পদ রাষ্ট্রপতি (ভারপ্রাপ্ত) হওয়ায় মহান আল্লাহ তায়ালার কাছে শুকরিয়া আদায় করছি। একই সঙ্গে লালমোহনে উপজেলার মানুষের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানাচ্ছি।
তিনি বলেন, হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় তার ও প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় শনিবার জোহরের নামাজের পর স্থানীয় মসজিদগুলোতে দোয়া মোনাজাতের আয়োজন করা হবে।
আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, পৌরসভা বিএনপির সভাপতি সাদেক মিয়া জান্টু প্রমুখ।