
ডেক্স রিপোর্টঃ নতুন আরো একটি মামলায় গ্রেফতার ভোলা-৪ এর সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার জুলাই আন্দোলনে রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় মো. রিফাত হোসেন নামের একজনকে হত্যাচেষ্টায় দায়েরকৃত মামলার আসামি হিসেবে তাকে গ্রেপতার দেখিয়েছেন আদালত।
গেলো সোমবার (২০ জুলাই) মামলার তদন্তকারী কর্মকর্তা ও মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আশরাফুৎদৌলার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত এ আদেশ দেন। এদিন আসামিকে হাতকড়া, বুকে বুলেটপ্রুফ জ্যাকেট ও মাথায় হেলমেট পরিয়ে কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হয়।
গ্রেফতার দেখানোর আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগের ক্যাডাররা হামলা চালিয়ে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। এতে মামলার বাদী মো. রিফাত হোসেনের ডান পায়ের হাঁটুর ওপর গুলি লাগে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আওয়ামী লীগের সক্রিয় সদস্য এবং সাবেক এই সংসদ সদস্যকে এ মামলায় গ্রেফতার দেখানো প্রয়োজন বলে আবেদনে জানানো হয়।
মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট মিরপুর-১০ নম্বর সেকশনে মিরপুর গার্লস আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে আন্দোলনে অংশ নিয়েছিলেন রিফাত। ওই দিন দুপুর ২টার দিকে আসামিদের নির্দেশে ৩০-৪০ জন ব্যক্তি আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে গেলে হামলাকারীরা তাকে কিল-ঘুষি ও দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে হত্যার চেষ্টা করে। পরে তাকে উদ্ধার করে প্রথমে ইসলামীয়া ব্যাংক হাসপাতাল এবং পরবর্তীতে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দীর্ঘ প্রায় এক মাস চিকিৎসাধীন থাকার পর অস্ত্রোপচারের মাধ্যমে তার পা থেকে গুলি অপসারণ করা হয়।
এদিকে, ভাটারা থানার পৃথক আরেকটি হত্যাচেষ্টা মামলায়ও জ্যাকবকে গ্রেফতার দেখানোর আবেদন করা হয়েছে, যার আদেশ আদালত অপেক্ষমাণ রেখেছেন। উল্লেখ্য, এর আগে ২০২৪ সালের ১ অক্টোবর রাজধানীর গুলশান এলাকা থেকে ডিবি পুলিশ সাবেক এই এমপিকে আটক করে। পরে তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছিল।