ভোলার দৌলতখানে শিশু আবু সাআদ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
প্রকাশিত:
বুধবার, ১ জুলাই, ২০২৬
৬
বার পড়া হয়েছে
দৌলতখান প্রতিনিধিঃ ভোলার দৌলতখানে শিশু আবু সাআদ হত্যার সঙ্গে জড়িত রাকিব ও সহযোগী মিলন পাটোয়ারীর দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বুধবার (১ জুলাই) উপজেলার নুর মিয়ারহাট বাজারে এ মানববন্ধন বিক্ষোভ অনুষ্ঠিত হয়। মানববন্ধন অংশ নেওয়া এলাকাবাসী ও নিহত শিশুর স্বজনরা বলেন, এই নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত রাকিব ও তার সহযোগী অভিযুক্ত সৈয়দপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বিএনপির সভাপতি মিলন পাটোয়ারীর বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং হাতে প্ল্যাকার্ড নিয়ে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত এবং ন্যায়বিচারের দাবি জানান।
নিহত শিশুর পরিবারের সদস্যরা বলেন, তারা কোনো প্রতিশোধ নয়, কেবল সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের বিচার চান। তাদের প্রত্যাশা, আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত কার্যকর ব্যবস্থা নিয়ে এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করবে এবং দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করবে।
এর আগে গেলো (২৬ জুন) শুক্রবার বিকালে পুকুর থেকে শিশু সাআদের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় মুখে আঘাতের চিহ্ন দেখতে পেলে শিশুটির বাবা-মা ও স্থানীয়দের মাঝে সন্দেহের সৃষ্টি হয়। নিহত শিশু শাহাত সৈয়দপুর ইউনিয়নের মোসলে উদ্দিনের ছেলে।