মনপুরায় আড়াই কেজির ওজনের রাজা ইলিশ ১০ হাজারে বিক্রি
প্রকাশিত:
সোমবার, ২৯ জুন, ২০২৬
১১
বার পড়া হয়েছে
মনপুরা প্রতিনিধিঃ ভোলার মনপুরা উপজেলার মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ২ কেজি ৪০০ গ্রাম ওজনের একটি রাজা ইলিশ। সোমবার (২৯ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নদী থেকে মাছটি তুলে এনে মনপুরা ইউনিয়নের মমিন তালুকদারের মৎস্য আড়তে আনা হয়। এরপর সেখানে নিলামে মাছটি ৯ হাজার ৩০০ টাকায় বিক্রি করা হয়।
আড়তের মালিক মমিন তালুকদার জানান, বরিশালের মেহেন্দিগঞ্জের জেলে ইসমাইল মাঝিসহ কয়েকজন জেলে মনপুরার রামনেওয়াজসংলগ্ন মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে অন্যান্য ইলিশের সঙ্গে বড় আকৃতির এ রাজা ইলিশটি পান। পরে মাছটি তার আড়তে আনা হলে নিলামে সর্বোচ্চ ৯ হাজার ৩০০ টাকায় তিনি নিজেই এটি কিনে নেন।
তিনি আরো জানান, বরিশাল ও ঢাকার পাইকারি বাজারে বড় আকারের ইলিশের চাহিদা বেশি।
মঙ্গলবার অন্যান্য মাছের সঙ্গে ইলিশটি ঢাকার যাত্রাবাড়ী মাছের আড়তে পাঠানো হবে। সেখানে এটি ১২ থেকে ১৩ হাজার টাকায় বিক্রি হতে পারে বলে তিনি আশা করছেন।
রামনেওয়াজ মাছঘাটের ব্যাপারী মো. নাহিদ বলেন, উপস্থিত ব্যবসায়ীদের অংশগ্রহণে নিলামের মাধ্যমে মাছটি বিক্রি করা হয় এবং সর্বোচ্চ দরদাতা হিসেবে মমিন তালুকদার এটি ক্রয় করেন।
মনপুরা উপজেলা মৎস্য কর্মকর্তা উজ্জ্বল বণিক জানান, গত কয়েক দিনে মনপুরার মেঘনা নদীতে বেশ কয়েকটি বড় আকারের ইলিশ ধরা পড়েছে।
তিনি আশা প্রকাশ করেন, বৃষ্টিপাত বৃদ্ধি পেলে সামনের দিনগুলোতে জেলেদের জালে আরো বড় আকারের ইলিশ ধরা পড়বে।