
নিজস্ব প্রতিবেদকঃ ইলিশের প্রজনন বৃদ্ধি ও মা ইলিশ রক্ষায় টানা ২২ দিনের অভিযানেকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইলিশ শিকারের দায়ে চার জেলেকে ১৭ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাদের কাছ থেকে ৫ লাখ মিটার জাল ও ৫০ কেজি ইলিশ জব্দ করা হয়েছে।
রোববার (১১ অক্টোবর) রাতে সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের তুলাতুলি এলাকায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম মুশফিকুর রহমান এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত জেলেরা বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার বাসিন্দা।
ভোলা সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মেহেদী হাসান ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে নৌপুলিশকে সঙ্গে নিয়ে মৎস্য বিভাগের একটি দল মেঘনা নদীর ভোলার চরসংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের অভিযোগে জাল ও মাছসহ চার জেলেকে আটক করা হয়।
পরে আটক জেলেদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ১৭ দিন করে কারাদণ্ড দেন। পাশাপাশি জব্দ করা জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়া আটককৃত জেলেদের কাছ থেকে উদ্ধার করা ইলিশ অসহায় ও দুস্থ মানুষের মধ্যে বিতরণ করা হয়।




