অপরাধ, আজ দেশজুড়ে

নাটোরের লালপুরে পাম্প ও তেলের দোকানে বিএসটিআই-এর অভিযান: দুই প্রতিষ্ঠানকে জরিমানা​

প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ | ১২:৩৪ অপরাহ্ণ

মোঃ আইযুব আলী, লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুর বাজারে ওজনের পরিমাপক পাত্রে কারচুপি ও ত্রুটি থাকার অপরাধে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।​

আজ সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট-এর নেতৃত্বে এবং বিএসটিআই (BSTI) রাজশাহী-এর সার্বিক সহায়তায় লালপুর বাজারের ফিলিং স্টেশন ও বিভিন্ন তেলের দোকানে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।​

অভিযানকালে তেলের পরিমাপক পাত্রে লিটারপ্রতি কম দেওয়ার প্রমাণ মেলায় ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ অনুযায়ী অভিযুক্ত দুই প্রতিষ্ঠানকে মোট ৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।​

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) জানান, ভোক্তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং বাজারে সততা বজায় রাখার লক্ষ্যে জনস্বার্থে এ ধরনের পরিমাপ যাচাই ও মনিটরিং অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।