
নিজস্ব প্রতিবেদকঃ শুরুটাই ছিলো পুরো মাঠজুড়ে টানটান উত্তেজনা। শেষ মুহূর্ত পর্যন্ত চলে পয়েন্টের লড়াই। খেলার পরিসমাপ্তি ঘটতেই বেজে উঠলো রেফারির বাঁশি, মুহূর্তের মধ্যে উল্লাসে ফেটে পড়েন ভোলার খেলোয়াড় ও সমর্থকেরা। বোরহানউদ্দিনকে হারিয়ে নারী ও পুরুষ দুই বিভাগেই চ্যাম্পিয়নশিপ অর্জন করেন ভোলা দল।
জেলা পুলিশের আয়োজনে ভোলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত প্রথম কমিউনিটি পুলিশ অনূর্ধ্ব-২০ কাবাডি খেলায় আজ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়। এতে বোরহানউদ্দিনকে হারিয়ে নারী ও পুরুষ দুই বিভাগেই চ্যাম্পিয়ন হয় ভোলা। প্রতিযোগিতায় জেলার সাতটি থানার নারী ও পুরুষ কাবাডি দল অংশ নেয়।
নারী বিভাগের ফাইনালে বোরহানউদ্দিন দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় ভোলা। এরপর পুরুষ বিভাগের ফাইনালেও বোরহানউদ্দিনকে হারিয়ে শিরোপা নিশ্চিত করে ভোলার দল। ফলে একই প্রতিযোগিতায় নারী ও পুরুষ—দুই বিভাগেই চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করে তারা।
পরপর দুই ফাইনালে জয় পাওয়ার পর ট্রফি হাতে মাঠেই আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন ভোলার খেলোয়াড়েরা। বিজয়ের মুহূর্তে গ্যালারিতেও ছিল উচ্ছ্বাস।
আয়োজকেরা জানান, তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা, মাদক ও অপরাধ থেকে দূরে রাখা এবং পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
জেলা কমিউনিটি পুলিশ ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ভোলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার পিপিএম (বার)।
গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ডা. শামীম রহমান। বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদ ভোলার প্রশাসক ও কমিউনিটি পুলিশিং ভোলা জেলার সভাপতি আলহাজ্ব গোলাম নবী আলমগীর।
আয়োজকরা বলেন, তরুণদের মাঠমুখী করে সুস্থ ও সুন্দর সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা করেন তারা।




