
দৌলতখান প্রতিনিধিঃ কচুরিপানায় ভরে গেছে খাল। পানির স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ায় দুর্ভোগে পড়েছেন কৃষকরা। বছরের পর বছর এভাবে চলে আসলেও দেখার জন্য কেউই ছিল না। অবশেষে কৃষকদের দুর্ভোগ লাঘবে শুরু হলো খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি।
“করবো কাজ গরবো দেশ, সবার আগে বাংলাদেশ” এই শ্লোগানে কৃষকের দুর্ভোগ লাঘবে খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে উত্তর জয়নগর ইউনিয়নের চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা মনিরুল ইসলাম ও ইউনিয়ন বিএনপি নেতাকর্মীরা। রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে উত্তর জয়নগর ইউনিয়নের ২নং ওয়ার্ডে এ কর্মসূচি পালন করা হয়।
ভোলার দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ২নং ওয়ার্ড অবস্থিত এ খালটি দীর্ঘ দুই কিলোমিটার পর্যন্ত দীর্ঘদিন যাবত কচুরিপানায় আচ্ছাদিত ছিল। স্থানীয় কৃষকরা এই খালের মাধ্যমেই তাদের চাষাবাদ কার্যক্রম পরিচালনা করত। কচুরিপানার কারণে খালের স্বাভাবিক পানির প্রবাহে ব্যাহত হওয়ায় কৃষকরা দীর্ঘদিন যাবৎ নানান সমস্যার সম্মুখীন হচ্ছিলেন। এছাড়া কচুরিপানার কারণে জলাবদ্ধতায় ডেঙ্গু প্রভাব বিস্তারের আশঙ্কায় ছিলেন স্থানীয়রা। তাদের এই দুর্ভোগ লাঘবে খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে উত্তর জয়নগর ইউনিয়নের চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা মনিরুল ইসলাম।

এলাকার অসংখ্য যুবকদের সাথে নিয়ে খাল থেকে কচুরিপানা ও বিভিন্ন ধরনের আবর্জনা অপসারণের কাজ শুরু করেন। কর্মসূচিতে ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবিরসহ ইউনিয়ন বিএনপি’র বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে খালে কচুরিপানা জমে থাকায় পানির প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছিল। যার কারণে কৃষকরা বিভিন্ন সমস্যায় পড়েছেন। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী মনিরুল ইসলামের নেতৃত্বে আজ খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়। তার এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাচ্ছি।
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী মনিরুল ইসলাম জানান, বিএনপি’র কর্ণধার ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৩১ দফা কর্মসূচির একটি হচ্ছে খাল খনন কর্মসূচি ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান।তারি ধারাবাহিকতায় ভোলা-২ আসনের সংসদ সদস্য হাফিজ ইব্রাহিমের নির্দেশানায় কৃষকের দুর্ভোগ লাঘবে আজ আমরা খাল পরিষ্কার-পরিচ্ছন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছি।
তিনি আরে বলেন, শুধু এই খাল পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচি নয়, ইউনিয়নের মধ্যে অপর আরেকটি খালও জলাবদ্ধতা অবস্থায় রয়েছে৷ আমরা সেই খালটিও দ্রুত পরিষ্কার-পরিচ্ছন্ন করবো। শুধু কৃষকের সমস্যা নয়, খালের মধ্যে জলাবদ্ধতার কারণে ডেঙ্গুর প্রভাব বিস্তারের আশঙ্কায় রয়েছে। তাই আমরা খালটি পরিষ্কার পরিচ্ছন্নতায় অংশ নিয়েছি। যেখানেই সাধারণ মানুষের সমস্যার কথা জানবো, তাদের সেই সমস্যা সমাধানে আমরা নিজেদেরকে উৎসর্গ করবো। এ ধরনের সামাজিক কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে৷
মনিরুল ইসলাম বলেন, ইউনিয়নের মধ্যে সন্ত্রাস, মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপ দমনে আমরা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করব এবং দৌলতখান উপজেলার মধ্যে উত্তর জয়নগর ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে রূপান্তর করবো।




