নিজস্ব প্রতিবেদক

নাটোরে লালপুর থানায় ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত: অপরাধ দমনে জিরো টলারেন্স ঘোষণা​

প্রকাশিত: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ | ৩:১৬ পূর্বাহ্ণ

মোঃ আইয়ুব আলী, লালপুর (নাটোর) প্রতিনিধিঃ জনগণের সেবা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে নাটোরের লালপুর থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়ে গেল ‘ওপেন হাউজ ডে’। ১৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকেলে লালপুর থানা পুলিশের আয়োজনে এই সভার আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাটোর জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ শরীফুল হক।

তিনি তাঁর বক্তব্যে বলেন, “পুলিশের মূল লক্ষ্যই হলো জনগণের সেবা নিশ্চিত করা এবং সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা।”​মাদক, সাইবার ক্রাইম, চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, ইভটিজিং ও বাল্যবিবাহসহ যেকোনো অপরাধ দমনে নাটোর জেলা পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে উল্লেখ করে তিনি এসব প্রতিরোধে সাধারণ মানুষের সক্রিয় সহযোগিতা কামনা করেন।​

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে মুক্ত আলোচনা পর্বে স্থানীয় নাগরিকেরা তাদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ তুলে ধরেন। বিশেষ করে এলাকা থেকে মাদক নির্মূল, সাইবার অপরাধ রোধ, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও ভরাট বন্ধ এবং সামগ্রিক জননিরাপত্তা জোরদারের দাবি জানানো হয়।

পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নাগরিকদের তুলে ধরা সমস্যাগুলোর দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়। ​উক্ত ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব শোভন চন্দ্র হোড়, সহকারী পুলিশ সুপার (প্রবেশনার), থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।