
লালপুর (নাটোর) প্রতিনিধি: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী নাটোরের লালপুরে প্রাথমিক শিক্ষার্থীদের শিখন দক্ষতা অর্জনের বাস্তব চিত্র পরিদর্শন ও মূল্যায়ন কার্যক্রম পরিচালিত হয়েছে।
এরই অংশ হিসেবে উপজেলার ১৯নং বাওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ফাউন্ডেশনাল লিটারেসি এবং নিউমেরেসি (এফএলএন) সংক্রান্ত মূল্যায়ন সম্পন্ন করা হয়।
উক্ত মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা মোছাঃ সাবেকুন নাহার, লালপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছাঃ নার্গিস সুলতানা এবং সহকারী উপজেলা শিক্ষা অফিসার ঝর্ণা মন্ডল।
পরিদর্শনকারী টিমকে সার্বিক সহযোগিতা প্রদান করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাঃ আজমাতুন নূর এবং সহকারী শিক্ষকমণ্ডলী।
পরিদর্শনকালে কর্মকর্তাগণ বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের শিখন দক্ষতা যাচাইয়ের পাশাপাশি তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের বাংলা, চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের গণিত এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের ইংরেজি বিষয়ে দক্ষতা মূল্যায়ন করেন।
মূল্যায়ন শেষে পরিদর্শন টিমের কর্মকর্তাগণ শিক্ষার্থীদের গুণগত শিখন দক্ষতা অর্জনে শিক্ষক ও সংশ্লিষ্টদের আরও সচেতন ও সক্রিয় ভূমিকা পালনের দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করেন।




