
মোঃ আইয়ুব আলী,লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরে লালপুরে মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে আব্দুল্লাহ (২০) নামে এক কওমি মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার শিমুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত আব্দুল্লাহ উপজেলার উত্তর লালপুর গ্রামের মো. শহীদুল ইসলাম লাকীর ছেলে এবং স্থানীয় রওজাতুস সুন্নাহ কওমি মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন।
আহতরা হলেন— একই গ্রামের বজলুর রহমানের ছেলে ইমরান (২০) এবং বালিতিতা গ্রামের নাজির হোসেনের ছেলে মনি (২০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে আব্দুল্লাহ, ইমরান ও মনি একটি মোটরসাইকেলে করে গোপালপুরের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে শিমুলতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ইজিবাইকের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘাত ঘটে।
এতে ঘটনাস্থলেই আব্দুল্লাহর মৃত্যু হয় এবং মোটরসাইকেলে থাকা অপর দুই আরোহী গুরুতর আহত হন।দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় লালপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ড. রুমাইয়া হক রাকা জানান, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই আব্দুল্লাহর মৃত্যু হয়। আহত ইমরান ও মনির শারীরিক অবস্থার অবনতি হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় লালপুর থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।




