ভোলায় নদীতে পড়ে নিখোঁজ রাকিব ও আমজাদ দুজনেরই মরদেহ উদ্ধার
প্রকাশিত:
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
১২
বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদকঃ ভোলার শিবপুর ইউনিয়নের গরিবের দুবাই নামে খ্যাত এলাকায় মেঘনা নদীতে পড়ে নিখোঁজ রাকিব এবং বিজিবির সদস্য আমজাদ হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
এরমধ্যে গতকাল শুক্রবার সকালের দিকে নোয়াখালীর রামগতির একটি চরে পাওয়া যায় রাকিবের মরদেহ। এরপর স্থানীয় থানা পুলিশ মরদেহ উদ্ধার করে আইনি কার্যক্রম শেষ করে রাকিবের পরিবারের কাছে হস্তান্তর করেন। সেখান থেকে মরদেহ রাত আটটার দিকে শিবপুর ইউনিয়নের রাকিবের নিজ বাড়িতে এনে দাফন করা হয়।
একদিন পর অর্থাৎ আজ শনিবার দুপুরে দৌলতখান উপজেলার মেঘনা নদী থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত বিজিবি সদস্য আমজাদ হোসেনের বাড়ি ভোলা পৌরসভার ৩নং ওয়ার্ডে। তিনি ওই এলাকার ইব্রাহিম মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় জেলেরা উপজেলার সরকারি দীঘি সংলগ্ন মেঘনা নদীতে একটি মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে দৌলতখান থানা ও হাকিমুদ্দিন নৌ-পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। দৌলতখান থানার অফিসার ইনচার্জ (ওসি) ফখরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিখোঁজ বিজিবি সদস্যের মরদেহ মেঘনা নদী থেকে পুলিশ উদ্ধার করেছে।
উল্লেখ্য, গত বুধবার সন্ধ্যার পর বিজিবি সদস্য আমজাদ হোসেন ও রাকিব সহ তারা ৫ বন্ধু মিলে ভোলা সদর উপজেলার শিবপুরের ‘গরিবের দুবাই’ নামে খ্যাত মেঘনা নদীর তীরে বসে গল্প করছিলেন।
এ সময় নদীর তীর সংরক্ষণের জিওব্যাগ ধসে ৫ বন্ধুই নদীতে পড়ে যান। এ সময় ৩ জন জীবিত উদ্ধার হলেও আমজাদ ও রাকিব নামে অপর দুই বন্ধু নিখোঁজ হন। নিখোঁজের দুই দিন পর শুক্রবার রাকিবের এবং শনিবার আমজাদের মরদেহ উদ্ধার করা হয়।