স্টাফ রিপোর্টারঃ কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আধুনিক কৃষি ব্যবস্থাপনায় কৃষকদের উৎসাহিত করতে ভোলায় কৃষদের মাঝে বিনামূল্যে উন্নত জাতের বীজ, কৃষি উপকরণ ও বৃক্ষের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
ভোলা সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রোববার (২৮ জুন) বিকেলে ভোলা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানে প্রধান অতিথি ভোলা জেলা প্রশাসক ড. শামীম রহমান।
এ সময় বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদের প্রশাসক আলহাজ গোলাম নবী আলমগীর ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ভোলার উপপরিচালক মো. খায়রুল ইসলাম মল্লিকসহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান। সঞ্চালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল হাসান। এ সময় কৃষি বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আসা কৃষকরা।
আয়োজকরা জানান, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবছরে ভোলা সদর উপজেলার মোট ৫ হাজার কৃষকের মাঝে পর্যায়ক্রমে উন্নত জাতের আমন ধানের বীজ, হাইব্রিড মরিচের বীজ, পাটের বীজ, বিভিন্ন কৃষি উপকরণ এবং বৃক্ষের চারা বিনামূল্যে বিতরণ করা হবে।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. শামীম রহমান বলেন, কৃষি দেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি। কৃষকদের উৎপাদন বৃদ্ধি এবং উৎপাদন ব্যয় কমাতে সরকার বিভিন্ন ধরনের প্রণোদনা কার্যক্রম বাস্তবায়ন করছে। এসব সহায়তা যথাযথভাবে কাজে লাগিয়ে কৃষকদের আরও বেশি উৎপাদনে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
কৃষি বিভাগ জানায়, এ কর্মসূচির মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎপাদন ব্যয় কমবে, আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি সম্প্রসারণে গতি আসবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণ কার্যক্রমও আরও জোরদার হবে।








